মসাজিদে ফাযায়েলে আমাল ও অন্যান্য কিতাবের তালীম করার হুকুম।

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: মসজিদে তালীম সম্পর্কে।

মুহতারাম, আমি আমার মসজিদে প্রতিদিন বাদ ঈশা মাকবুল, মাশহুর কিতাব “ফাযায়েলে আমাল”, “ফাযায়েলে হজ্ব”, ”ফাযায়েলে সাদাকাতের” পাশাপাশি মাওলানা হেমায়েত উদ্দীন (দা.বা.) রচিত “ফাযায়েলে যিন্দেগী” থেকে ও তালীম করি, কারণ এতে বিষয়বস্তুর আধিক্যতা রয়েছে এবং তা দলীল সমৃদ্ধ। তো একদিন তালীমের পর পাশের সমাজের একজন তাবলীগের সাথী আমার কামরায় ঢুকে বললেন- “হুজুর! ফাযায়েলে যিন্দেগী থেকে আর কখনো তালীম করবেন না এবং কিতাবটি মসজিদের সীমানা থেকে বের করে ফেলবেন! ওনাকে বিষয়টা বুঝাতে গেলে তিনি জেলা মারকাযে আমার নামে নালিশ করার হুমকি দেন। এখন আমার জানার বিষয় হলো :

(১) মসজিদে “ফাযায়েলে যিন্দেগী” কিতাবটি তালীম করা কি নাজায়েয ?

(২) কোন আলেম যদি এমন যোগ্যতাসম্পন্ন হোন যে, তিনি আরবী ইবারতের সহীহ অনুবাদ করতে পারেন এবং কোরআন-হাদীসের সহীহ ব্যখ্যা সম্পর্কে ও তিনি জ্ঞাত। তাহলে তিনি “সহীহ বুখারী”, ইমাম নববী (রহ.) রচিত “কিতাবুল আযকার” সহ ইত্যাদী কিতাব মসজিদে তালীম করতে পারবেন কি না ?

উল্লেখ্য, উক্ত সাথীভাই পরে অবশ্য আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং তার প্রতি আমার কোন ব্যক্তিগত আক্রোশ নেই।

নিবেদক

ভুক্তভোগী ইমাম

ভেলানগর, নরসিংদী সদর।

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর : মসজিদে দ্বীনী বিষয়ক গ্রহনযোগ্য যে কোন কিতাব তালীম করা জায়েয। তালীম নির্দিষ্ট কোন কিতাবের সাথে সীমাবদ্ধ নয়।

তালীমের জন্য কেবলমাত্র “ফাযায়েলে আমাল” কিতাব থেকেই তালীম করতে হবে, এ মর্মে দাওয়াত ও তাবলীগের যে নিয়ম আছে, তা সকলের জন্য প্রযোজ্য নয়; বরং তা সাধারণ লোকের ক্ষেত্রে প্রযোজ্য। যোগ্য আলেমগণ গ্রহণযোগ্য যে কোন কিতাব থেকেই তালীম করতে পারবেন।

উল্লেখ্য, প্রশ্নোক্ত ক্ষেত্রে দাওয়াত ও তাবলীগের সাথী ভাই, আপনার কাছে ক্ষমা চেয়ে যথার্থ কাজ করেছেন। কেননা তিনি আপনার সাথে যে আচরন করেছেন, তা কোন ভাবেই মানানসই নয়। আলেমগণ নবীদের ওয়ারিশ, তাই তাঁদের সাথে অত্যান্ত আদব ও বিনয়ের সাথে কথা বলা জরুরী।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • সহীহ বুখারী : হাদীস নম্বর : ৪৭২ মুয়াসসাসাতুল মুখতার।
  • ফাতহুল বারী : ১/৬৫৮ দারুল হাদীস, কাহেরা।
  • উমদাতুল ক্বারী : ৩/৫৩৫ দারুল ফিকর।
  • আল-বাহরুর রায়েক : ২/৩৪ এইচ এম সাঈদ।
  • ফাতাওয়া হিন্দিয়া : ২/২৭০ দারুল কিতাব, দেওবন্দ।
  • আদ-দুররুল মুখতার : ২/৫২৩ মাকতাবা থানভী।
  • রদ্দুল মুহতার : ২/৫২৭ মাকতাবা থানভী।
  • গমযু উয়ুনিল বাছায়ের : ৩/১৯০ নাশাতুল আরাবী, বইরুত।
  • ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ : ১৪/২১১ মাকতাবা দারুল উলূম দেওবন্দ।
  • কিফায়াতুল মুফতী : ২/৭৩ যাকারিয়া বুক ডিপো।
  • ফাতাওয়া রহিমিয়্যাহ : ৯/৯৪ দারুল ইশাআত।
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ৫/১০১-১০৪, ২২/৩৫৯ মাকতাবা মাহমুদিয়া।
  • ইনআমুল বারী : ৩/২১৯ আশরাফী বুক ডিপো।
  • কিতাবুল ফাতাওয়া : ৪/২৪২ নাঈমিয়া কুতুবখানা।
  • কিতাবুন নাওয়াযেল : ২/৩৯৫ যাকারিয়া বুক ডিপো।
  • আশরাফুল ফাতাওয়া : ১/১৩৩, ৩/৩৭৮ মাকতাবাতুল ইত্তিহাদ।

মাসায়েলে মাসাজিদ : পৃ. : ১৫৫ মাকতাবাতু রেজা

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ