একাধিক লাশ একসাথে উপস্থিত হলে, তাদের জানাযার নামায কিভাবে আদায় করবে এবং দুআ কোনটি পড়বে?

বরাবর,

ফাতাওয়া বিভাগ, মারকাযুল উলূমিদ দ্বীনিয়্যাহ

চিনিশপুর, ভেলানগর, নরসিংদী সদর।

বিষয়: জানাযার নামায সম্পর্কে।

মুহতারাম, আমার জানার বিষয় হলো, একাধিক লাশ একসাথে উপস্থিত হলে, তাদের জানাযার নামায কিভাবে আদায় করবে, আলাদা আলাদা নাকি একসাথে ? একসাথে হলে লাশ কী পদ্ধতীতে রাখবে এবং দোয়া কোনটি পড়বে ?

অতএব, মুফতী সাহেবের নিকট বিনিত নিবেদন এই যে, তিনি যেন উক্ত বিষয়ে কোরআন, সুন্নাহ ও ফিকহে ইসলামির আলোকে সমাধান জানিয়ে বাধিত করেন।

নিবেদক

মুহাম্মাদ ইউনুস আলী

নজরপুর, নরসিংদী সদর, নরসিংদী।

 

بسم الله الرحمن الرحيم

الحمد لله رب العلمين و الصلاة و السلام على سيد الانبياء و المرسلين اما بعد:

উত্তর: একাধিক ব্যক্তির লাশ একসাথে উপস্থিত হলে, প্রত্যেকের জানাযার নামায, আলাদাভাবে আদায় করা উত্তম। একসাথে আদায় করা ও জায়েয। তবে এই ক্ষেত্রে লাশ রাখার তিনটি পদ্ধতী রয়েছে।

প্রথম পদ্ধতী হলো : লাশগুলোকে নামাযের কাতারের ন্যয় লম্বা-লম্বিভাবে এক কাতারে রাখবে। একজনের পা অন্যজনের মাথার সাথে মিলিত হবে, এভাবে প্রথমজন ছাড়া যতগুলো লাশ হবে, প্রত্যেকের মাথা অপরজনের পায়ের সাথে মিলিয়ে রাখবে। (—-) আর ইমাম সাহেব তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তির সিনা বরাবর দাড়াবে।

দ্বিতীয় পদ্ধতী হলো : লাশগুলোকে ইমাম সাহেবের সামনে, একজনের লাশ অপরজনের লাশের সাথে এমনভাবে রাখবে, যেন দ্বিতীয় ব্যক্তির মাথা প্রথম ব্যক্তির সিনা বরাবর এবং তৃতীয় ব্যক্তির মাথা, দ্বিতীয় ব্যক্তির সিনা বরাবর হয়।

                  ———

                     ———

                         ———

তৃতীয় পদ্ধতী হলো : লাশগুলোকে ইমাম সাহেবের সামনে, একটি লাশ অপর লাশের পাশে এমনভাবে রাখবে, যেন ইমাম সাহেবের দাড়ানোটা সকলের সিনা বরাবর হয়।

———–

———–

———–

এইক্ষেত্রে সর্বাগ্রে রাখবে, বালেগ পুরুষের লাশ। তারপর পর্যায়ক্রমে নাবালেগ ছেলের লাশ, হিজড়া, নারী এবং নাবালেগা মেয়ের লাশ রাখবে।

প্রকাশ থাকে যে, প্রথম দুই পদ্ধতীর তুলনায় তৃতীয় পদ্ধতীটি উত্তম। আর তৃতীয় তাকবীরের পর দুআ পাঠের ক্ষেত্রে বালেগ, নাবালেগ, নাবালেগা সকলের দুআই পাঠ করবে।

والله اعلم بالصواب

দলীল সমূহ

  • কিতাবুল আছল : ১/৩৫০ দারু ইবনিল জাওযী।
  • মুখতাসারু ইখতিলাফিল উলামা : ১/৩৯০ দারুল বাশায়েরিল ইসলামিয়্যাহ।
  • তুহফাতুল ফুকাহা : ১/৩০৬ দারুস সামান।
  • বাদায়েউস সানায়ে : ২/৫৬ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • খুলাসাতুল ফাতাওয়া : ১/২২৪ মাকতাবাতু রশিদিয়্যাহ্।
  • আল-মুহিতুল বুরহানী : ৩/৭৭ ইদারাতুল কোরআন, মজলিসে ইলমী।
  • আস-সুনানুল কাবীর : ৩/৩৭০
  • ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ : ১/১৫৭ যাকারিয়া বুক ডিপো।
  • আল-বাহরুর রায়েক : ২/১৮৭ এইচ এম সাঈদ।
  • ফাতাওয়া তাতারখানিয়্যাহ : ৩/৪৮ যাকারিয়া বুক ডিপো।
  • আদ-দুররুল মুখতার : ৩/১১১ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • রদ্দুল মুহতার : ৩/১১১ আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ।
  • মারাকিল ফালাহ : পৃ. : ৫৯২ রশিদিয়া লাইব্রেরী।
  • হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ : ১/১২০ রশিদিয়া লাইব্রেরী। 
  • ইমদাদুল ফাতাওয়া : ৩/৩৪৯ যাকারিয়া বুক ডিপো।
  • ইমদাদুল আহকাম : ১/৮২৯ মাকতাবা দারুল উলূম, করাচী।
  • ফাতাওয়া মাহমুদিয়াহ : ১৩/১০৬, ১৩/১৪৪ মাকতাবা মাহমুদিয়াহ।
  • কিতাবুন নাওয়াযেল : ৬/১২৩ যাকারিয়া বুক ডিপো।

 

সোশ্যাল মিডিয়া

Facebook
Telegram
WhatsApp
Email

সংবাদ